পুলিশের তাড়ায় পানিতে ঝাঁপ দিয়ে নিখোঁজ!

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে পুলিশের তাড়া খেয়ে খালের পানিতে ঝাঁপ দিয়ে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। তার নাম কুদ্দুস সরদার (৪৫)। গত বুধবার বিকেলে বালিগাঁও গ্রাম সংলগ্ন তালতলা-ডহরী খালে এ ঘটনা ঘটে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। ঢাকা ফায়ার সার্ভিসের চার সদস্যের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালাচ্ছে।

পুলিশের দাবি, নিখোঁজ কুদ্দুস সরদার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তবে পরিবারের লোকজন জানে না কি কারণে পুলিশ তাকে তাড়া করেছিল।

টঙ্গীবাড়ি থানার এসআই আল-মামুন বলেন, মাদক বিক্রির খবর পেয়ে পুলিশ কুদ্দুস সরদরাকে ধরার জন্য যায়। এ সময় ধাওয়া করলে সে খালের পানিতে ঝাঁপ দেয়। পরে সে সাঁতরে তীরে উঠে পালিয়ে গেছে।

টঙ্গীবাড়ি থানার ওসি মো. রাজিব খান বলেন, কুদ্দুসের বিরুদ্ধে মাদক, চুরি ও জুয়াসহ টঙ্গীবাড়ি থানায় অন্তত ১৫টি মামলা রয়েছে। এসব মামলায় সে জামিনে রয়েছে। বালিগাঁও বাজারে পুলিশ অন্য কাজে গিয়েছিল। অথচ পুলিশ দেখেই কুদ্দুস দৌড়ে পালাতে গিয়ে খালের পানিতে ঝাঁপ দেয়।

কুদ্দুসের বড় মেয়ের জামাতা আব্দুল আজিজ দাবি করেন, পুলিশের ধাওয়া খেয়ে খালের পানিতে ঝাঁপ দিলে তার শ্বশুর নিখোঁজ হয়। পুলিশ তার শ্বশুরকে পানিতে ঝাঁপ দিতে দেখলেও পরিবারের লোকজনকে জানায়নি।

ঢাকা ফায়ার সার্ভিসের ভ্রাম্যমাণ কর্মকর্তা আবুল খায়ের বলেন, নিখোঁজ ব্যক্তির পরিবারের লোকজনের কাছ থেকে ৯৯৯ নম্বরে কল পেয়ে আমাদের অবহিত করে পুলিশ। সকালে আমরা উদ্ধার অভিযান শুরু করি। ঘটনাস্থলের আশপাশের দেড়-কিলোমিটার এলাকায় খুঁজে তাকে পাওয়া যায়নি। মনে হচ্ছে খালে প্রচ- স্রোত থাকায় ভেসে গেছেন ওই ব্যক্তি।