পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলা, ফিলিস্তিনি তরুণ নিহত

অধিকৃত পশ্চিম তীরের এক শরণার্থী শিবিরে অভিযান চালানোর সময় গুলি করে এক ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী । এছাড়াও এতে আরও আটজন আহত হয়েছে।

ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফা এ তথ্য নিশ্চিত করেছে।

শুক্রবার (১১ আগস্ট ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ভোরের দিকে পশ্চিম তীরের উত্তারাঞ্চলের শরণার্থী শিবির তুলকারেমে অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এ সময় মাহমুদ জারাদ (২৩) নামের এক ব্যক্তির বুকে গুলি চালায় ইসরায়েলি সেনারা। তাকে উদ্ধার করে স্থানীয় থাবেত থাবেত হাসপাতালে নেওয়া হলে সেখানে কতব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এ হাসপাতালের পরিচালক আমিন খাদের প্যালেস্টাইন টেলিভিশনকে বলেছেন, ওই অভিযানে কমপক্ষে আটজন ফিলিস্তিনি আহত হয়েছে।

পশ্চিম তীরে ফিলিস্তিনি কর্তৃপক্ষের ওপর নিয়ন্ত্রণকারী রাজনৈতিক দল ফাত্তাহ পার্টি বলেছে, নিহত জারাদ তাদের একজন সদস্য ছিলেন। কিন্তু এ সময় তাকে যোদ্ধা হিসেবে দাবি করে নি তারা।

এদিকে তুলকারেম শিবিরে অভিযান চালানোর সময় ফিলিস্তিনিদের লক্ষ্য করে তাজা গুলি ও কাঁদানে গাস্যের ক্যানিস্টার ছোড়ে ইসরায়েলি সেনারা।অন্যদিকে শিবিরের বাসিন্দারের ছাদে অবস্থান নেয় ইসরায়েলি স্নাইপাররা।

তবে এদিনের হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায় নি ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় বা ইসরায়েলি সেনাবাহিনী।