বিএনপির কর্মসূচিতে লাঠি বহনে আওয়ামী লীগের সমালোচনা

রাজধানীতে বিএনপির গণমিছিলে লাঠি বহনের অভিযোগ এনে এর সমালোচনা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

শুক্রবার (১১ আগস্ট) ঢাকার দুটি অংশে গণমিছিলের কর্মসূচি পালন করে বিএনপি। ওই গণমিছিলের কর্মসূচিতে বিএনপি নেতাকর্মীদের লাঠি বহন করতে দেখা গেছে বলে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিযোগ করে ক্ষমতাসীন দল।

আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টে কয়েকটি ছবি যুক্ত করা হয়। এসব ছবিতে দেখা যায়, কর্মসূচির আগে মিছিলে লাঠিবোঝাই রিকশা আনা হয়েছে এবং কিছু মিছিলকারীকে ভিড়ের মধ্যে লাঠিগুলো সরবরাহ করতে দেখা গেছে।

গত ২৯ জুলাই বিএনপির অবস্থান কর্মসূচিতে যে সহিংসতার সূত্রপাত হয়েছিল তা উল্লেখ করে আ.লীগ বলেছে, বিএনপি নেতাকর্মীরা আন্দোলনের নামে তাদের আগের কর্মসূচিতে বাঁশের লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে এসেছিল বলে জানা গেছে।

ওই বিক্ষোভের সময় নেতাকর্মীদের জাতীয় পতাকায় মোড়ানো লাঠিসোঁটা দেখা গেছে। কিন্তু আজ দলের নেতার আগ্রাসন আরও খারাপের দিকে নতুন মোড় নিয়েছে বলে পোস্টে বলা হয়েছে।

পোস্টে আরও বলা হয়েছে, আজকের সমাবেশের আগে, সভাস্থলে রিকশাগুলোতে বড় কাঠের লাঠিবোঝাই করে রাখার দৃশ্য দেখা গেছে যা রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য দলটির অসৎ উদ্দেশ্য প্রকাশ করে। সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে এসব লাঠি বিতরণ করা হয়। খবর: বাসস।