৮৫ দেশের ধর্মীয় নেতাদের নিয়ে মক্কা সম্মেলন

মুসলিম সম্প্রদায়ের মধ্যে ঐক্য, মধ্যপন্থা ও সহনশীলতার চর্চা বাড়ানো এবং প্রসারের লক্ষ্যে মক্কায় আন্তর্জাতিক ইসলামি সম্মেলন শুরু হতে যাচ্ছে। এতে ইসলামিক স্কলার, মুফতি, ধর্মীয় নেতারা, ইসলামি সংস্থার প্রধান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদসহ বিশ্বের ৮৫টি দেশের দেড় শতাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব অংশ নেবেন।

আগামী রবিবার ও সোমবার (১৩-১৪ আগস্ট) সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে দুই দিনব্যাপী সম্মেলনটি মক্কা নগরিতে অনুষ্ঠিত হবে।

সৌদি বার্তা সংস্থা এসপিএ সূত্রে জানা যায়, ‘বিশ্বের ধর্মবিষয়ক বিভাগ, ইফতা, মাশায়েখ ও সংশ্লিষ্টদের মধ্যে যোগাযোগ তৈরি’ শীর্ষক এ সম্মেলন সাতটি পর্বে অনুষ্ঠিত হবে।

এতে মধ্যপন্থা, চরমপন্থা, সন্ত্রাসবাদ, সহনশীলতা ও সব জাতির মধ্যে সহাবস্থান তৈরি বিষয়ক আলোচনা করা হবে। তা ছাড়া পবিত্র কোরআন ও সুন্নাহ অনুসরণের প্রয়োজনীয়তা, মুসলিমদের মধ্যে ঐক্যের প্রচার, চরমপন্থা প্রতিরোধ এবং নাস্তিকতা ও বিচ্ছিন্নতা থেকে সমাজকে রক্ষার ওপর জোর দেওয়া হবে।

প্রধান সাতটি বিষয়ে সম্মেলনটি অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথমে রয়েছে, ইসলাম ও মুসলিমদের সেবা এবং ঐক্য প্রসারে বিশ্বের ধর্ম বিষয়ক বিভাগ, ফতোয়া ও মাশায়েখদের প্রচেষ্টা।

অন্য বিষয়গুলো হলো, বাস্তবতা ও আকাক্সক্ষার মধ্যে সংযোগ ও একীকরণ সুদৃঢ় করা, জনগণের মধ্যে সহনশীলতা ও সহাবস্থানের মূল্যবোধ উন্নতির প্রচেষ্টা, পবিত্র কোরআন ও সুন্নাহর শিক্ষাকে মেনে চলা, কোরআন ও সুন্নাহে মধ্যপন্থা অনুসরণ এবং ধর্মবিষয়ক বিভাগ, ফতোয়া ও মাশায়েখদের প্রচেষ্টা সুদৃঢ় করা। এর মধ্যে আরও রয়েছে, চরমপন্থা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করা এবং সমাজকে নাস্তিকতা ও অবক্ষয় থেকে রক্ষার প্রচেষ্টা অব্যাহত রাখা।

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র স্কলারস কাউন্সিলের প্রধান শায়খ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আলে শায়খ আসন্ন ইসলামিক সম্মেলনকে বিশ্বব্যাপী মুসলমানদের প্রতি সৌদি আরবের ভালোবাসা ও দায়িত্ববোধের অংশ উল্লেখ করে একটি বাণী দিয়েছেন।

বাণীতে গ্র্যান্ড মুফতি বলেন, সংঘাত ও ঘৃণার সময়ে মক্কায় এই সম্মেলনের আয়োজন সৌদি আরবের সহনশীলতা, মধ্যপন্থা, সহাবস্থান এবং ঘৃণা ও সহিংসতা প্রত্যাখ্যানের বার্তার প্রমাণ। এই পদক্ষেপ মুসলমানদের মধ্যে ঐক্য জোরদার করতে, চরমপন্থাকে প্রত্যাখ্যান করতে এবং আলেম ও মুফতিদের মধ্যে দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতা বিনিময় করতে অবদান রাখবে।