ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের ৪৬টি গ্রামে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে কয়েক হাজার মশারি বিতরণ করেছে রূপায়ণ গ্রুপ। গতকাল শুক্রবার সকালে সোনারগাঁয়ের বারদীতে রূপায়ণ প্যালেসে এ মশারি বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান বাবুল। বিশেষ অতিথি ছিলেন বারদী বাজার পরিচালনা কমিটির সাবেক সভাপতি ওবায়দুল হক। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রূপায়ণ রেন্টাল সার্ভিসের ম্যানেজার মো. হাবিবুল হাসান, রূপায়ণ গ্রুপের পারসোনাল অ্যাসেট ম্যানেজার মো. হাফিজ আহমেদ, সহকারী প্রজেক্ট ম্যানেজার মো. মাহমুদুল হাসান, সহকারী প্রকৌশলী মো. তামজিদ ও স্টোর ইনচার্জ মো. আবদুল মোমিন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশে ডেঙ্গুর ভয়াবহতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। তাই ডেঙ্গু প্রতিরোধে রূপায়ণ গ্রুপ দুস্থ ও অসহায় মানুষের মধ্যে মশারি বিতরণ করে সময়োপযোগী কাজ করেছে।