নকল পণ্য বিক্রি ৭ প্রতিষ্ঠানকে জরিমানা

ঢাকার চকবাজার, কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জে অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, ওষুধ, পানি উৎপাদন, মজুদ ও বিক্রি করার দায়ে সাত প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

গত বৃহস্পতিবার বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এই অভিযান চালান হয়।

গতকাল শুক্রবার র‌্যাব-১০ এর সিনিয়র এএসপি (মিডিয়া) এম ফখরুল হাসান জানান, র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে ঢাকার চকবাজার, কামরাঙ্গীরচর ও কেরানীগঞ্জ এলাকায় নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, ওষুধ মজুদ করে রাখা ও বিক্রি করার অপরাধে সাত প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় বিএসটিআইয়ের প্রতিনিধিরা উপস্থিতি ছিলেন।

ফখরুল হাসান আরও জানান, এসব প্রতিষ্ঠানের মধ্যে জিএস ক্যাবলসকে নগদ ২ লাখ টাকা, বিকাশ কাটিং অ্যান্ড অ্যারোগেটেড ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে নগদ ৫ লাখ টাকা, শরীফ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজকে নগদ ৫ লাখ টাকা, মাসরি পিওর ড্রিংকিং ওয়াটারকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা, মেসার্স ইউনিক কমার্শিয়াল লিমিটেডকে নগদ এক লাখ ৫০ হাজার টাকা, ফাজ ল্যাবরেটরিজকে নগদ ৫ লাখ টাকা ও এসপি অ্যাগ্রো ট্রেডিংকে নগদ ২ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বেশ কিছুদিন যাবৎ এই অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি, ওষুধ এবং পানি উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা।