মৌলভীবাজার কুলাউড়ায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। শুক্রবার (১১ আগস্ট) সন্ধ্যা থেকে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব টাট্টিউলি গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে এ বাড়িটি ঘিরে রেখেছে পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট। তাদের সঙ্গে রয়েছে কুলাউড়া থানাপুলিশের একটি দল।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদুল হাসান। তিনি জানান, কুলাউড়ার দুর্গম পাহাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে এ অভিযান চালাচ্ছে সিটিটিসি। বিস্তারিত সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।
অভিযানে থাকা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, অভিযান অব্যাহত রয়েছে। কয়েকজনকে আটকও করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
কর্মধা ইউনিয়নের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ বলেন, ওই বাড়িতে থাকা লোকজন অন্য জেলার বাসিন্দা। তারা এখানে এসে বাড়ি বানিয়ে দীর্ঘদিন ধরে অবস্থান করছেন। শুক্রবার সন্ধ্যা পর থেকে ওই বাড়িটি জঙ্গি সন্দেহে ঘিরে অভিযান চালাচ্ছে পুলিশ।