প্রেমিককে বিয়ে করতে চাওয়ায় ১৭ বছর বয়সী ভাগ্নিকে গলা কেটে খুনের অভিযোগ উঠেছে তার মামার বিরুদ্ধে। সম্প্রতি ভারতের উত্তরপ্রদেশের আজমগড়ে এ ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, প্রেমিককে বিয়ে করতে চেয়েছিল কিশোরী। কিন্তু সেটা মেনে নিতে পারেনি তার পরিবার। নিষেধ করা সত্ত্বেও প্রেমিককে বিয়ে করার জন্য জেদ ধরে সে। আর সেটিই যেন কাল হল।
পুলিশ জানিয়েছে, পাশের পাড়ার এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল কিশোরীর। সেই সম্পর্কের কথা জানতে পারে পরিবার। এরপর থেকে বিষয়টি নিয়ে বাড়িতে প্রায়ই অশান্তি লেগে থাকত।
প্রতিবেশীরা জানায়, পরিবারের সদস্যরা রাজি না হওয়ায় প্রেমিকের সঙ্গে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করে কিশোরী। কিন্তু তার পরিকল্পনার কথা আগেই জেনে যায় পরিবার। বিষয়টি নিয়ে আলোচনার জন্য গতকাল শুক্রবার (১১ আগস্ট) কিশোরীর বাড়িতে হাজির হন তার মামা।
ঝগড়ার একপর্যায়ে রাগের বশে ভাগ্নিকে ছুরি দিয়ে খুন করেন মামা। তারপর পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। কিন্তু গ্রামবাসীরা তাকে ধরে ফেলেন। বেধড়ক মারধরের পর অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন তারা। পুলিশ জানিয়েছে, ওই কিশোরীর বাবা ১৫ বছর আগে মারা গেছে। মামাই তাদের পরিবারের দেখাশোনা করতেন।