গণভোজের জন্য একাই ১৯ গরু দিলেন যুবলীগ নেতা

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গণভোজের জন্য ১৯টি গরু দিয়েছেন যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আবুল বাশার। আবুল বাশার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন।

আগামী মঙ্গলবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকীতে গণভোজের জন্য এই গরুগুলো দেন তিনি। রবিবার (১৩ আগস্ট) সোনাগাজী ও দাগভুঞা উপজেলার ১৭টি ইউনিয়ন ও দুটি পৌরসভার আওয়ামী লীগ নেতাদের কাছে সেগুলো তুলে দেওয়া হবে।

দাগনভুঞা পৌরসভার সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান সবুজ জানান, বাশার সাহেব দলের দুর্দিনে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে ছিলেন। তিনি দলের তৃণমূলের প্রাণ। জাতীয় দিবস ও দলীয় সব অনুষ্ঠান পালনে তিনি ব্যক্তিগতভাবে বড় ধরনের আর্থিক সহায়তা করে থাকেন। বিগত বছরগুলোতে যেকোন প্রাকৃতিক দুর্যোগে তিনি মানুষকে ব্যাপকভাবে সহায়তা করেছেন।

এ বিষয়ে আবুল বাশার বলেন, আমি সাধ্য অনুযায়ী প্রতিবছর জাতীয় দিবস পালনে সহযোগিতা করে আসছি। এ বছর ব্যতিক্রম কিছু করার সিদ্ধান্ত নিয়েছি। তাই গণভোজের জন্য ১৯টি গরু নিয়েছি। রবিবার গরুগুলো স্ব স্ব ইউনিয়ন ও পৌরসভায় পৌঁছে দেওয়া হবে।