সম্প্রতি কানাডার টরন্টোর অনূর্ধ্ব ৩০ বছর বয়সী ৩০ তরুণ নেতার তালিকা প্রকাশ করেছে বিশ্বখ্যাত সাময়িকী ‘ফোর্বস’। এই প্রথমবারের মতো টরন্টোর অনূর্ধ্ব তরুণ নেতাদের নিয়ে তালিকা প্রকাশ করল সাময়িকীটি। আর এই তালিকায় স্থান পেয়েছেন কানাডা প্রবাসী বাংলাদেশি গবেষক ও উদ্যোক্তা নবনীতা নাওয়ার।
ফোর্বস ম্যাগাজিন প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখেছেন এমন ব্যক্তিদের তালিকা প্রকাশ করে। উদীয়মান তরুণদের কাজ তুলে ধরতে একই রকম একটি তালিকা প্রকাশ করে প্রতিষ্ঠানটি ‘থার্টি আন্ডার থার্টি’ নামে। এই তালিকায় তাদেরই অন্তর্ভুক্ত করা হয়, যাদের বয়স ৩০ বছরের কম। এই তালিকায় মাত্র ৩০ জন স্থান লাভ করেন। টরন্টোকেন্দ্রিক তালিকা এবারই প্রথম প্রকাশ করল প্রতিষ্ঠানটি। আর প্রথমবারেই তালিকাতে স্থান করে নিয়েছেন টরন্টোভিত্তিক একটি প্রতিষ্ঠান এইচড্যাক্স থেরাপিউটিকসের কর্ণধার নবনীতা নাওয়ার। ২৮ বছর বয়সী নবনীতা প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা বা প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তালিকায় তার সঙ্গে স্থান পেয়েছেন তার প্রতিষ্ঠানের থাই বংশোদ্ভূত পিমুয়াপা মানসিয়ংকুল। তিনি প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও)। তালিকার ২৩ নম্বরে আছেন এই দুই তরুণ গবেষক।
নবনীতার প্রতিষ্ঠান এইচড্যাক্সের উদ্দেশ্য হলো, যেসব রোগের ওষুধ এখনো নেই, সেসব ওষুধ আবিষ্কার করা। এইচড্যাক্স বর্তমানে প্রথমবারের মতো পেরিফেরাল নিউরোপ্যাথির (পিএন) চিকিৎসা বা ওষুধ নিয়ে গবেষণা করছে, যা বিশ্বের তিন কোটির বেশি মানুষের কাজে আসবে। এই প্রক্রিয়া ১০ বছরের। এরই মধ্যে দুটি পেটেন্ট স্বত্বের জন্যও আবেদন করেছে তারা।
নতুন এই তালিকা সম্পর্কে ফোর্বসের ওয়েবসাইটে বলা হয়েছে, ৩০ বছরের কম বয়সী টরন্টোর ৩০ তরুণ নেতার সঙ্গে পরিচিত হয়ে নিন। তাদের কেউ শহরে নিরাপদ ড্রোন চলাচলে সহায়তা করেন, কেউ উচ্ছিষ্ট খাবার থেকে বিকল্প প্লাস্টিক তৈরি করেন আবার কেউবা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে লেখা শনাক্তকারী নির্মাণসামগ্রী তৈরি করেন।