পদ্মা সেতুর পাড়ে হবে বঙ্গবন্ধুর স্ট্যাচু

মাদারীপুরে পদ্মা সেতুর শিবচরের কাঠালবাড়ি প্রান্তে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্ট্যাচু নির্মিত হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। গতকাল শনিবার প্রকল্প স্থান পরিদর্শনে গিয়ে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে অনেক আগেই স্ট্যাচু নির্মাণ করা উচিত ছিল। বিলম্ব হওয়ায় আমি দুঃখ প্রকাশ করছি। বিলম্ব হলেও যে উদ্যোগটা নিয়েছি এতে বঙ্গবন্ধুর প্রতি জাতির যে দায় তা কিছুটা হলেও লাঘব হবে। আন্তর্জাতিক মানের স্ট্যাচু করা হবে যাতে দেশি ও বিদেশি পর্যটকরা এখানে আসেন। বাংলাদেশের সব এলাকার মানুষ এবং ভবিষ্যৎ প্রজন্ম এসে বঙ্গবন্ধুর স্ট্যাচু দেখবে।’

তিনি আরও বলেন, ‘পৃথিবীর বিভিন্ন দেশে আমেরিকা, ভারতে স্ট্যাচু আছে। আমরা আকর্ষণীয়ভাবে এটা করব। এখানে একটি আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টারও অনুমোদিত হয়েছে।

এতে এখানে বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত হবে।’

পদ্মা সেতুকে জাতির জন্য গর্ব করার মতো একটি বিষয় উল্লেখ করে মোজাম্মেল হক বলেন, ‘পদ্মা সেতুর পাশেই যদি স্ট্যাচুটা করি তাহলে দুটি বিষয়ের সামঞ্জস্য হবে। দেশি-বিদেশি পর্যটকরা দেখতে আসবে। এর ফলে একসঙ্গে অনেকগুলো কাজ করতে পারবে। সেতু দেখতে পাবে, স্ট্যাচু দেখতে পাবে, সঙ্গে কনভেনশন সেন্টারও দেখতে পাবে। এর ফলে একটি আকর্ষণীয় ব্যাপার হবে পদ্মার পাড়ে।’

এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, সংরক্ষিত আসনের সংসদ সদস্য বেগম নাহিদ ইজাহার খান, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সচিব ইসারাত চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।