বাড়ির পাশে খেলার সময় শিশুকে পিষে মারল গাড়ি

মা-বাবা দুজনই কাজে গেছেন। ছোট্ট শিশু মরিয়ম (২) বাড়ির পাশের রাস্তায় খেলার সময় হঠাৎ গাড়ি এসে পিষে মারল। রাজধানীর যাত্রাবাড়ী কাজিরগাঁও এলাকায় ঘটে নির্মম এ ঘটনাটি।

গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে কাজিরগাঁও বাসার সামনে দুর্ঘটনায় আহত মরিয়মকে মুমূর্ষু অবস্থায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক সন্ধ্যা পৌনে ৭টার দিকে মৃত ঘোষণা করেন। মরিয়ম লালমনিরহাট সদর উপজেলার ভাঙ্গাছরি গ্রামের লাভলু মিয়ার মেয়ে।

হাসপাতালে দাদি লাকি বেগম জানান, মরিয়মের বাবা লাভলু কার্টন কারখানায় কাজ করে ও মা রীবা আক্তার গার্মেন্টকর্মী। ঘটনার সময় মরিয়মের বাবা-মা কাজে ছিল। বিকেলে বাসার সামনের রাস্তায় একাই খেলছিল মরিয়ম। হঠাৎ চিৎকার শুনে বাইরে বের হয়ে তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওই রাস্তা দিয়ে অটোরিকশা ও ইজিবাইক ছাড়া কিছুই চলে না। তবে কোন ধরনের গাড়ির ধাক্কায় মরিয়ম মারা গেছে, তা তিনি বলতে পারেননি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।