হার দিয়ে কেইনের শুরু, দুঃখিত বললেন টুখেল

অনেক নাটকীয়তার পর অবশেষে বায়ার্ন মিউনিখে যোগ দিলেন হ্যারি কেইন। চুক্তি স্বাক্ষর শেষে পরদিনই খেলতে নেমে যান বাভারিয়ানদের হয়ে। কিন্তু জার্মান ক্লাবটিতে অভিষেক ম্যাচটা রাঙানো হলো না ইংলিশ ফুটবলারের। তার আগমনের দিনে জার্মান সুপার কাপে শোচনীয় পরাজয় হয়েছে বায়ার্নের।

কেইনের অভিষেক রাঙানোর জন্য ‘যথেষ্ট সুযোগ তৈরি’ করতে পারেননি বলে সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছেন বায়ার্ন কোচ থমাস টুখেল।

জার্মানির কমিউনিটি শিল্ডের সমতুল্য এই ম্যাচটিতে লাইপজিগের কাছে ৩-০ গোলে পরাজিত হয়েছে বায়ার্ন। ম্যাচের ৬৪ মিনিটে মাঠে নামেন ইংলিশ অধিনায়ক। কিন্তু কোনো অবদান রাখতে পারেননি। উল্টো তিনি নামার চার মিনিট তৃতীয় গোল হজম করে বায়ার্ন।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে কেইনের অভিষেক রাঙাতে না পারার বিষয়টি উঠে এলে ক্ষমা চান টুখেল। তিনি বলেন, ‘আমি দুঃখিত, কেইনের অভিষেক রাঙানোর মতো কিছু করতে পারিনি। তার জন্য যথেষ্ট সুযোগও তৈরি করতে পারিনি।’

টুখেল যোগ করেছেন, ‘তবে আমরা তাকে সুপারহিরো হিসেবে আশা করি না। সে একজন সেরা খেলোয়াড় ও সেরা গোলদাতা। তার কাছ থেকে অনেক সাহায্য আমরা পাব। আমাদের এই ধরনের পারফরম্যান্সের বৃত্ত থেকে বেরিয়ে আসতে হবে।’