এবার ফাতিকে বিক্রি করতে চায় বার্সা

বার্সেলোনার কোষাগার এখন ফুলে ফেঁপে উঠেছে। গত সপ্তাহে ফ্রাঙ্ক কেসি ও উসমান দেম্বেলেকে বিক্রি তাদের অর্থ ভান্ডার শক্তিশালি করেছে। চলতি সপ্তাহে সেখানে জমা হতে পারে আরও অর্থ। কাতালান ক্লাবটি আশা করছে দলবদলের উইন্ডোর সময় ফুরিয়ে আসার আগেই তারা আরও ফুটবলার বিক্রি করতে পারবে।

নতুন করে যে ফুটবলার বিক্রি হতে পারেন তিনি আনসু ফাতি। ২০ বছর বয়সী এই ফুটবলার বার্সায় থাকতে চান। তবে কোচ জাভি হার্নান্দেজের পরিকল্পনায় না থাকলে তিনি ক্লাব ছেড়ে দিতেও প্রস্তুত।

স্প্যানিশ ক্রীড়াভিত্তিক গণমাধ্যম স্পোর্তের মতে, শীঘ্রই ইংলিশ প্রিমিয়ার লিগের একটি দল থেকে বার্সেলোনার কাছে প্রস্তাব আসবে। সেখানে টাকার পরিমাণ হবে ৫০ মিলিয়ন ইউরো। তবে কোন ক্লাব থেকে আসবে সেটা জায়নি গণমাধ্যমটি।

যদিও ফাতিকে কত মূল্যে ছাড়বে সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে যে অর্থই পাবে তারা সেটাই লাভের খাতা খুলবে। কারণ তরুণ এই ফরোয়ার্ড বার্সেলোনার লা মাসিয়া একাডেমি থেকে উঠে আসা। তবে তাকে ছেড়ে দেওয়াটা এই মুহূর্তে কিছুটা দৃষ্টিকটু হবে। কারণ গত কয়েক মাস ধরে তিনি উন্নতির ছাপ রেখে চলেছিলেন। যদি ক্লাবের পরিকল্পনায় না থাকে ফাতি, তবে বিক্রি করাটা বাড়তি অর্থ এনে দেবে তাদের।