মাঠের ফুটবলে দুজনেই প্রতিদ্বন্দ্বি। একজন জার্মানির জার্গেন ক্লপ, অন্যজন আর্জেন্টিনার মউরিসিও পচেত্তিনো। খেলোয়াড়ি জীবন শেষে দুজনেই নাম লিখিয়েছেন কোচিংয়ে। সেখানে প্রায়ই দুজনের লড়াই হয়। যে লড়াইয়ে বেশিরভাগ সময় জয়টা ক্লপের দিকে। আর তাই বন্ধুর প্রশংসা করতে ভুললেন পচেত্তিনো।
প্রতিযোগিতামূলক খেলায় এখন পর্যন্ত দুই কোচ একে অন্যের বিপক্ষে ১১ বার লড়াই করেছেন। সেখানে মাত্র একবার জার্মান কোচকে পরাজিত করতে পেরেছেন পোচেত্তিনো। ২০১৭ সালে টটেনহামের কোচ থাকাকালে লিভারপুলকে ৪-১ গোলে গুড়িয়ে দেন হ্যারি কেইনরা।
২০২১ সালে পোচেত্তিনো চলে গিয়েছিলেন প্যারিসে। পিএসজির হয়ে দায়িত্ব সামলে আবার এসেছেন ইংলিশ ফুটবলে। দায়িত্ব নিয়েছেন জায়ান্ট চেলসির। আজ রাতে প্রিয় বন্ধুর দল লিভারপুলের বিপক্ষে খেলতে নামবে পচেত্তিনোর চেলসি।
খেলা শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে পরিসংখ্যানের কথা মনে করিয়ে দেওয়া হয়। তবে জবাবে পচেত্তিনো ক্লপের প্রশংসা করে বলেন, ‘আমি তাকে ভালোবাসি, সে আমার পুরনো বন্ধু। আমাদের ফের লড়াইয়ে নামছি। দুর্দান্ত একটি প্রতিদ্বন্দ্বিতা হবে। নিশ্চিত খেলাটা উপভোগ্যকরই হবে।’
পচেত্তিনো যোগ করেন, আমার দল ভালো প্রতিদ্বন্দ্বিতা করলেও বেশিরভাগ সময় তারা জয় পেয়েছে। কারণ তারা শতভাগ ভালো খেলেছে। তবে এ নিয়ে আমার আলাদা করে বলার কিছু নেই। কারণ খেলাটা ফুটবল, আমি আশা করি ক্লপের দলের বিরুদ্ধে আমরা একটা উপভোগ্যকর ম্যাচ খেলব।’