সেনাপ্রধানের কুমিল্লা এরিয়া পরিদর্শন

সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ গতকাল রবিবার ৩৩ পদাতিক ডিভিশন ও কুমিল্লা এরিয়া পরিদর্শন করেছেন। এ সময় তিনি কুমিল্লা সেনানিবাসের ইউনিটসমূহে চলমান বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় বিভিন্ন দিকনির্দেশনা দেন। এ ছাড়াও, জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যদের জন্য নির্মিত ১১২টি ফ্ল্যাট বিশিষ্ট ১৫তলা পারিবারিক বাসস্থান ‘সেনানীড়’ প্রকল্পের উদ্বোধন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান কুমিল্লা সেনানিবাসে কর্মরত সেনাসদস্যদের উদ্দেশ্যে দরবার নেন। দরবারে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য কঠোর প্রশিক্ষণের মাধ্যমে সদা প্রস্তুত থাকতে এবং দুর্যোগকালে দেশের মানুষের পাশে থেকে কাজ করে যাওয়ার জন্য সবাইকে নির্দেশনা প্রদান করেন।