সাভারে বকেয়া বেতনের দাবিতে বিক্ষুদ্ধ শ্রমিকদের সঙ্গে পুশিলের সংঘর্ষের ঘটনায় প্রাইড গ্রুপের দুটি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল রবিবার সকালে সাভারের উলাইল এলাকায় এইচ আর টেক্সটাইল মিলস লিমিটেড এবং ফ্যাশন নিট লিমিটেড নামের কারখানা দুটির মূল ফটকে বন্ধের নোটিস টাঙানো হয়। এর আগে গত শনিবার সকালে দুটি পোশাক কারখানায় শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করলে শ্রমিক-পুলিশ সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ শ্রমিক আহত হন।
কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) মনিরুল ইসলামের স্বাক্ষরিত নোটিসে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক অরাজকতা কারখানার মালিকের নিয়ন্ত্রণবহির্ভূত হওয়ার কারণে ১৩ থেকে ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ ঘোষণা করা হলো। শ্রমিকদের জুলাই মাসের বকেয়া বেতন কারখানা খোলার আগেই পরিশোধ করা হবে।
ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ, জুলাই মাসের বকেয়া বেতন পরিশোধ না করে কারখানাটিতে এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়। ছুটি ঘোষণার বিষয়টি শ্রমিকরা না জানায় সকালে কাজে যোগ দিতে গিয়ে উত্তেজিত হয়ে পড়ে। এ ঘটনায় তারা কারখানার সামনে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করলে শিল্প পুলিশ এসে এক নারী শ্রমিককে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ ঘটনায় অন্য শ্রমিকরা প্রতিবাদ করলে পুলিশ শ্রমিকদের লাঠিচার্জ, রাবার বুলেট ও টিয়ার গ্যাস ছোড়ে। গ্যাস ও রাবার বুলেটের আঘাতে অন্তত ২০ জন শ্রমিক আহত হন। এ ঘটনায় গতকাল সকালে কর্তৃপক্ষ কারখানা দুটি ১৯ দিনের বন্ধ ঘোষণা করেছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পরিদর্শক আলতাফ হোসেন বলেন, ‘নারী শ্রমিককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগটি সঠিক নয়। শ্রমিকরা কারখানার ভেতরে প্রবেশ করতে চাইছিলেন। আমরা বাধা দিয়েছি। বর্তমানে কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়েছে।’