স্কুল মাঠে হাজারও অবিস্ফোরিত গোলাবারুদ, শিক্ষার্থীদের আসতে মানা

কম্বোডিয়ার একটি স্কুলের আঙিনা পরিষ্কারের সময় দুই হাজারের বেশি বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। কুইন কোসোমাক উচ্চ বিদ্যালয় নামের ওই প্রতিষ্ঠানটি উত্তর-পূর্ব কম্বোডিয়ার ক্রাটি প্রদেশে অবস্থিত। বিস্ফোরক ও গোলাবারুদ উদ্ধারের পর স্কুলটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

সোমবার (১৪ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয়, ১৯৭৫ সালে শেষ হওয়া আট বছরের গৃহযুদ্ধে স্কুলটি সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করা হতো। নৃশংস গৃহযুদ্ধের ৪৮ বছর পরও বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি মাইন স্থাপন করা দেশগুলোর একটি কম্বোডিয়া।

কম্বোডিয়ার মাইন অ্যাকশন সেন্টারের মহাপরিচালক হেং রাতানা বলেন, তিন দিনে দুই হাজারেরও বেশি বিস্ফোরক ও গোলাবারুদ আবিষ্কৃত হয়েছে। বাগানের আয়তন বাড়াতে মাঠ পরিষ্কারে কাজ চলছিল। এ সময় এসব অস্ত্র খুঁজে পাওয়া যায়। যদি পুরো স্কুলের আঙিনা পরিষ্কার করা হয় তবে সম্ভবত আরও অস্ত্র পাওয়া যাবে।

এদিকে উদ্ধার হওয়া হাজারও অবিস্ফোরিত গোলাবারুদের বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। এসব ছবিতে বিপুল পরিমাণ মরিচা-ধরা বিস্ফোরক সারিবদ্ধভাবে রাখা অবস্থায় দেখা যায়। উদ্ধার হওয়া এসব বিস্ফোরকের মধ্যে গ্রেনেড এবং অ্যান্টি-ট্যাংক লঞ্চারও রয়েছে।

বিবিসি জানিয়েছে, পরিচ্ছন্নতা কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীদের স্কুল থেকে দূরে থাকতে বলা হয়েছে। তবে আগামী দুই দিনের মধ্যে এই কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।