পোল্যান্ডের দুটি বড় শহর ওয়ারশ এবং ক্রাকোতে ভাড়াটে গোষ্ঠী ওয়াগনারের প্রচারপত্র বিলির অভিযোগে দুই রুশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। পোল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী মারিউস ক্রামিনস্কি সোমবার (১৪ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন। খবর বার্তা সংস্থা এএফপির।
মারিউস ক্রামিনস্কি এক টুইট বার্তায় জানান, গ্রেপ্তার দুই রুশ নাগরিকের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
পোলিশ গোয়েন্দা সংস্থা জানিয়েছে, গ্রেপ্তার দুই ব্যক্তির নাম অ্যালেক্সি টি এবং আন্দ্রেই জি। তারা পোল্যান্ডের দুই শহরে ওয়াগনারের পক্ষে প্রায় ৩০০ লিফলেট বিতরণ করেছে। এসব লিফলেটে ওয়াগনারে নিয়োগ পেতে ওয়েবসাইটের লিংক দেওয়া হয়।
অভিযোগ উঠেছে, মস্কো থেকে তাদের দুই নাগরিককে ওয়াগনারের পক্ষে প্রচারের জন্য তিন হাজার লিফলেট দেওয়া হয়। এই কাজের জন্য তাদের ৫ লাখ রুবল দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে পোল্যান্ড ছাড়ার পরিকল্পনার আগেই গ্রেপ্তার হলেন দুই রুশ নাগরিক।