মৌলভীবাজারের কুলাউড়ায় নতুন জঙ্গি সংগঠন ‘ইমাম মাহমুদ কাফেলার’ প্রধানসহ ১৭ জঙ্গিকে আটক করা হয়েছে বলে দাবি করছেন কর্মধা ইউনিয়নের কালেক্টর ছালিক আহমদ। তাদের মধ্যে রয়েছেন পালিয়ে থাকা সিরাজগঞ্জের বেসরকারি হাসপাতালের চিকিৎসক সোহেল তানজিমও।
গতকাল সোমবার সকালে স্থানীয়রা তাদের আটক করে ইউনিয়ন পরিষদে দিয়েছেন বলে জানান কর্মধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুহিবুল ইসলাম আজাদ। তিনি জানান, সকালে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে পালিয়ে যাওয়ার সময় ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে জঙ্গি সন্দেহে তাদের আটক করে স্থানীয়রা।
আরও জঙ্গি আস্তানার সন্ধান মিলেছে, আজ অভিযান : কুলাউড়ার পাহাড়ে আরও জঙ্গি আস্তানার সন্ধান মিলেছে। আজ মঙ্গলবার সেখানে অভিযান চালাবে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। গতকাল রাতে সাংবাদিকদের এ কথা জানান সিটিটিসি প্রধান মোহাম্মদ আসাদুজ্জামান।
তিনি বলেন, আটক ব্যক্তিরা জঙ্গি সংগঠন ইমাম মাহমুদ কাফেলার সদস্য বলে আমরা নিশ্চিত হয়েছি। আমরা আগেই বলেছিলাম যে তাদের আরও আস্তানা এখানে আছে। এ ধারাবাহিকতা থেকে আজ (গতকাল) তারা আস্তানা থেকে পালানোর চেষ্টা করছিল। তারপর তাদের আটক করে স্থানীয়রা। মঙ্গলবার সকালে ওই এলাকায় আবার অভিযান চালাব।