মাত্র ২৬ বছর বয়সেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিলেন শ্রীলঙ্কার স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আরও বেশি মনোযোগী হতেই এই সিদ্ধান্ত তার।
সীমিত ওভারের ক্রিকেটে সময়ের সেরা স্পিনারদের একজন হাসারাঙ্গা। তবে ক্যারিয়ারের শুরু থেকেই টেস্ট দলে নিয়মিত নন তিনি। ২০২০ সালের ডিসেম্বরে টেস্ট অভিষেকের পর মাত্র ৪টি টেস্ট খেলেছেন। যার শেষটি ২০২১ সালের এপ্রিলে।
টেস্টে খুব বেশি ছাপও রাখতে পারেননি হাসারাঙ্গা। মাত্র ৪ উইকেট পেয়েছেন সাদা পোশাকের ক্রিকেটে। একটা অনাকাঙ্ক্ষিত রেকর্ডও সঙ্গী হয়েছে তার। টেস্ট ক্যারিয়ার শেষ করলেন তিনি ১০০.৭৫ বোলিং গড় নিয়ে। কমপক্ষে ১০০ ওভার বোলিং করেছেন, শ্রীলঙ্কার এমন বোলারদের মধ্যে তার চেয়ে বেশি গড় শুধু অশোকা ডি সিলভার।
ক্রিকেট শ্রীলঙ্কা মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, টেস্ট ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন হাসারাঙ্গা। বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা শুভকামনা জানিয়েছেন হাসারাঙ্গাকে, ‘আশা করি, সাদা বলের ক্রিকেটে সামনের পথচলায় হাসারাঙ্গা আমাদের গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকবে’।
সাদা বলে এখন পর্যন্ত ৪৮ ওয়ানডে ও ৫৮ টি-টোয়েন্টি খেলেছেন হাসারাঙ্গা। ওয়ানডেতে তার উইকেট ৬৭টি, ৫ উইকেট নিয়েছেন তিন বার। টি-টোয়েন্টিতে উইকেট ৯১টি, ৪ উইকেট নিয়েছেন দুইবার।
লেগব্রেক বোলিংয়ের পাশাপাশি ঝোড়ো ব্যাটিংয়েও দারুণ পারদর্শী তিনি। বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে তাই ব্যাপক চাহিদা তার।