আফগান কার্পেটের চাহিদা বাড়ছেই, তিন মাসে আয় ৪৯ কোটি

বিশ্বজুড়ে বাড়ছে আফগানিস্তানে তৈরি কার্পেটের চাহিদা। ২০২২ সালের একই সময়ের তুলনায় গত চার মাসে আফগান কার্পেট রপ্তানি ৩০ শতাংশ বেড়েছে। সম্প্রতি দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। খবর টোলো নিউজের।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২১ মার্চ থেকে ২২ জুলাই পর্যন্ত তুরস্ক, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, ইতালি এবং উজবেকিস্তানসহ বিভিন্ন দেশে সাত মিলিয়ন ডলারের বেশি আফগান কার্পেট রপ্তানি করা হয়েছে।

শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল সালাম জাওয়াদ বলেন, চলতি চন্দ্রবর্ষের প্রথম তিন মাসে কার্পেট রপ্তানি ৪৪ লাখ ৭০ হাজার মার্কিন ডলারে পৌঁছেছে (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৯ কোটি ৯ লাখ ৫২ হাজারের বেশি)।

মোহাম্মদ সাবির নামে এক কার্পেট বিক্রেতা জানান, ইউরোপীয় এবং আমেরিকান দেশগুলোতে আফগান কার্পেটের সরাসরি রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের তুলনায় আমাদের বিক্রি বেড়েছে।

আরেক কার্পেট বিক্রেতা সৈয়দ মোহাম্মদ বলেন, আমাদের কার্পেট বিশ্বের সেরা। তালিবান সরকারের উচিত আমাদের এবং আমাদের বিনিয়োগকারীদের এই ক্ষেত্রে উৎপাদন ও বিক্রি বাড়াতে সহায়তা করা।

আফগান কার্পেট উৎপাদক ও রপ্তানিকারক ইউনিয়নের প্রধান নূর আহমেদ নূরী বলেন, আমরা সম্প্রতি কাজাখস্তানের একটি শহরে ইতিবাচক প্রদর্শনী দেখেছি। আমরা আশাবাদী এ ধরনের প্রদর্শনীর আয়োজন অব্যাহত থাকলে, নিজেদের পণ্য প্রদর্শনের সুযোগ পাবো, যা রপ্তানি আরও বাড়াতে সাহায্য করবে।