জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসে নেত্রকোনায় দুঃস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরন ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার সকাল ৯টার দিকে নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) পক্ষ থেকে অধিনায়ক লে. কর্ণেল মো. আরিফুর রহমান পারলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে সরাইল রিজিয়ন এবং অধীনস্থ সেক্টর ও সকল ইউনিট পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর আলোচনা সভা, বিশেষ মোনাজাত এবং কোরআন খতমের আয়োজন করা হয়।
সরাইল রিজিয়ন এবং সহাবস্থিত সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) আয়োজিত আলোচনা সভায় ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে সমাপনী ভাষণ দেন।
সে সময় সরাইল রিজিয়নের আওতাধীন বিভিন্ন স্থানে ১৫০০ জন গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ এবং ছয়টি স্থানে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করে বিনামূল্যে জরুরী চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়।
এ দিবস উপলক্ষে সরাইল রিজিয়নের অধীনস্থ সকল ইউনিটের ন্যায় উপ-শাখা, সীপকস (সীমান্ত পরিবার কল্যাণ সমিতি) নেত্রকোনা ব্যাটালিয়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে বিভিন্ন কর্মকান্ডের উপর শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।