‘নির্বাচন সামনে রেখে বঙ্গবন্ধুর হত্যাকারীরা ষড়যন্ত্রে সক্রিয়’

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, নির্বাচনকে সামনে রেখে বঙ্গবন্ধুর হত্যাকারীরা আবারও দেশবিরোধী ষড়যন্ত্রে সক্রিয় হয়ে উঠেছে। তাই দেশবাসীকে এসব ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ থাকতে হবে।

মঙ্গলবার (১৫ আগস্ট) তার নির্বাচনী এলাকায় (দোহার-নবাবগঞ্জ) জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় তিনি এসব কথা বলেন।

বঙ্গবন্ধুকে ছাড়া বাংলাদেশের কল্পনা করা যায় না উল্লেখ করে সালমান ফজলুর রহমান বলেন, ‘এদেশের ভাষা আন্দোলন থেকে স্বাধীনতা আন্দোলন পর্যন্ত বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশকে পুনর্গঠন এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বঙ্গবন্ধু যেভাবে নিরলসভাবে কাজ করে গেছেন তা বিশ্ব দরবারে ঐতিহাসিক দলিল হিসেবে রয়েছে।’

নবাবগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি সালমান এফ রহমান মেধাবী শিক্ষার্থীদের মাঝে ল্যাপটপ, মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর কর্তৃক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিং ক্যাম্প উদ্ভোধন করেন।