হ্যামস্ট্রিংয়ের চোটে চার মাসের জন্য মাঠের বাইরে ডি ব্রুইনা

চোট যেন পিছুই ছাড়ছে না কেভিন ডি ব্রুইনার। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে চোট পেয়ে ফিরেছিলেন দুই মাস পর। মৌসুম শুরু হতে না হতে আবারও পড়লেন চোটে। প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে চোট পেয়ে ছিটকে গেছেন তিনি। মাঠের বাইরে থাকতে হবে চার মাস।

বিষয়টি নিশ্চিত করেছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওয়ালা। আজ এক সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে এসেছিলেন তিনি। সেখানেই জানাান এই তথ্য।

উয়েফা সুপার কাপ ফাইনালে আগামীকাল সেভিয়ার মুখোমুখি হওয়ার আগে ডি ব্রুইনার সর্বশেষ শারীরিক অবস্থা নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন গার্দিওলা, ‘এটা মারাত্মক চোট। তার অস্ত্রোপচার করানো হবে কি না, সে বিষয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এবং কয়েক মাসের জন্য সে মাঠের বাইরে থাকবে। আগামী কয়েকদিনের মধ্যেই (অস্ত্রোপচার) এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তিন–চার মাস মাঠের বাইরে থাকতে হতে পারে।’

ইংলিশ প্রিমিয়ার লিগে গত শুক্রবার নতুন মৌসুম শুরুর ম্যাচেই অস্বস্তি নিয়ে মাঠ ছেড়েছিল ম্যানচেস্টার সিটি। বার্নলির বিপক্ষে সে ম্যাচে সিটি ৩–০ গোলে জিতলেও হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে ২৩ মিনিটে মাঠ ছেড়েছিলেন সিটির তারকা মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা।