শোক ও শ্রদ্ধায় বিভাগীয় শহরে বঙ্গবন্ধুকে স্মরণ

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে সারা দেশে স্বাধীনতার মহান স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকেই দেশের বিভাগীয় শহরগুলোতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, দোয়া-মোনাজাত, বিশেষ প্রার্থনা, অসহায়দের মধ্যে খাদ্য বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

দেশ রূপান্তরের ব্যুরো অফিস ও নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত

চট্টগ্রাম ব্যুরো জানিয়েছে, গতকাল সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা, চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সামাজিক-

সাংস্কৃতিক ও সাংবাদিক সংগঠন নানা আয়োজনে এ দিবসটি পালন করেছে। আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের পক্ষ থেকে প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়। শ্রদ্ধা শেষে  জেলা প্রশাসনের উদ্যেগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে শোক র‌্যালি করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন। চট্টগ্রাম সার্কিট হাউজ থেকে শোক র‌্যালিটি শুরু হয়ে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

রাজশাহী থেকে নিজস্ব প্রতিবেদক জানিয়েছেন, গতকাল সকাল ৯টায় নগরীর সিঅ্যান্ডবি মোড়ে জেলা ও বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসন বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে। পরে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি করপোরেশনের কাউন্সিলরসহ কর্মকর্তা কর্মচারীরা। সাড়ে ১০টায় মহানগর আওয়ামী লীগ কুমারপাড়ার দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিকে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বঙ্গবন্ধু হলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। নগরীতে শোক র‌্যালি ও পুষ্পস্তবক অর্পণ করেছে রাজশাহী কলেজ। এছাড়াও শোক র‌্যালি ও আলোচনা সভা করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান।

ময়মনসিংহ প্রতিনিধি জানিয়েছেন, বিভাগীয় শহরটিতে যথাযোগ্য মর্যাদায় বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। গতকাল নগরীর সার্কিট হাউজে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। পরে নগরীর শিববাড়ীর আওয়ামী লীগ অফিসে কাঙালি ভোজের আয়োজনে অংশ নেন নেতারা। এছাড়া নগরীর আড়াইশো স্থানে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন কাঙালি ভোজের আয়োজন করে।

বরিশাল প্রতিনিধি জানিয়েছেন, বরিশালে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে জাতীয় শোক দিবস। গতকাল প্রথম প্রহরে নগরীর সোহেল চত্বরে বঙ্গবন্ধুসহ শহীদদের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বরিশাল মহানগর আওয়ামী লীগ, সিটি মেয়র খোকন সেরনিয়াবাতসহ প্রশাসনের কর্মকর্তারা।