বিশ্বে দূষিত শহরের তালিকায় রাজধানী ঢাকা দ্বিতীয়তে উঠে এসেছে। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্য অনুযায়ী আজ বুধবার (১৬ আগস্ট) ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’।
এদিন সকাল সাড়ে ১১টার দিকে ১৬২ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ঢাকা। কাতারের দোহা ও ইন্দোনেশিয়ার জাকার্তা যথাক্রমে ১৬৪ ও ১৬২ একিউআই স্কোরসহ তালিকায় প্রথম ও তৃতীয় স্থান দখল করেছে।
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।