মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে ঢাকায়

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আজ বুধবার (১৬ আগস্ট) দুপুর ১টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে দক্ষিণ অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঢাকায় আজ দুপুর ১২টায় ২৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আর এ সময় সর্মনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়, আজ দুপুর ১২টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৮৫ শতাংশ। ঢাকায় গত ৬ ঘণ্টায় এক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

ঢাকায় আগামীকালের সূর্যোদয় ভোর ৫টা ৩১ মিনিট এবং আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৩১ মিনিটে।