ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের জেলেপোতা গ্রামের ভাবদিয়া বাওড় থেকে কামাল হোসেন (৪৫) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৬ আগস্ট) সকালে ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়। নিহত কামাল হোসেন ওই গ্রামের রহমবারী মণ্ডলের ছেলে।
কামালের ভাই টিটন হোসেন জানান, গতকাল মঙ্গলবার রাত ১০ টার দিকে বাড়ি থেকে বের হয় কামাল। সেখান থেকে গ্রামের একটি চায়ের দোকানে চা পান করার পর থেকে সে নিখোঁজ ছিল। রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশের বাওড়ে তার লাশ পাওয়া যায়। সেখান থেকে লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় তারা। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।