এবার মঞ্চেই উল্টে পড়লেন প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী!

গত ১২ আগস্ট থেকে শুরু হয়েছে প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস ও তার দুই ভাই কেভিন ও জোয়ের ব্যান্ড ‘জোনাস ব্রাদার্স’-এর ‘দ্য ট্যুর’। নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে উদ্বোধন হয়েছে সেই ট্যুরের। উদ্বোধনের সন্ধ্যাতেই ‘জোনাস ব্রাদার্স’-এর অনুরাগীদের ভিড়ে কানায় কানায় ভরে উঠেছিল স্টেডিয়াম।

সেই সাফল্যের পরে এবার আমেরিকার অন্য শহরেও কনসার্টে ব্যস্ত জোনাস ব্রাদার্স। এমনই এক অনুষ্ঠানের মঞ্চে ঘটল অঘটন। মঞ্চে দাঁড়িয়ে গান গাইছিলেন নিক। হঠাৎ করেই মঞ্চের মধ্যে উল্টে পড়ে গেলেন প্রিয়াঙ্কার স্বামী!

নিক মঞ্চের যেখানে দাঁড়িয়ে গান গাইছিলেন, তার ঠিক পিছনেই ছিল একটি গর্ত। নিকের অজান্তেই তার দরজা খুলে যাওয়ায় হোঁচট খেয়ে পড়ে যান নিক। তবে নিজেকে সামলে নেওয়ায় তেমন আঘাত পাননি গায়ক। এক মুহূর্ত সময়ও নষ্ট করেননি তিনি। ক্ষণিকের মধ্যে নিজেকে সামলে নিয়েই গানে ফেরেন নিক।

সোশ্যালে ভাইরাল হয়েছে সেই ভিডিও। তবে নিকের পেশাদারিত্বের প্রশংসায় পঞ্চমুখ তার অনুরাগীরা।