বলে দিতে চাই আমার বোনকে, ভালো হয়ে যান: কাদের সিদ্দকী

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘জাতীয় নির্বাচনের আগে বলে দিতে চাই আমার বোনকে, ভালো হয়ে যান। মানুষ এখন আপনাদের চায় না। বিএনপিকেও চায় না মানুষ। তাই সুষ্ঠু নির্বাচন দিয়ে দেন। তাহলে ভালো হবে’।

‘দেশের সব কিছুতে এখন নারী’ উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নারী, বিরোধী দলের নেতা নারী, বেগম খালেদা জিয়াও নারী। বঙ্গবন্ধুর শরীরের চামড়া দিয়ে ডুগডুগি বাজানোর কথা বলা মতিয়া চৌধুরীও এখন আওয়ামী লীগের নারী নেতা।

বুধবার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে টাঙ্গাইলের ঘাটাইলে মাকড়াই দিবস উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

কাদের সিদ্দিকী আরো বলেন, বঙ্গবন্ধু সব নেতার বড় নেতা, বাংলাদেশের সব নেতার শক্তি বাঁধলে যে শক্তি, তার সব শক্তি বঙ্গবন্ধুর একা।

এ সময় ঘাটাইল উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আতিক হাবিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীর প্রতীক, সদস্য শামীম আল মুনছুর আজাদ সিদ্দিকী প্রমুখ।