শরীয়তপুরের জাজিরায় শেখ রাসেল সেনানিবাসে গতকাল বুধবার অত্যাধুনিক ইনডোর ফায়ারিং রেঞ্জের উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এই রেঞ্জে বৈরী আবহাওয়ায় ও ১০০ মিটার দূরত্ব থেকে ফায়ারিংসহ স্বয়ংক্রিয়ভাবে লক্ষ্যবস্তু পরিবর্তনের সুবিধা রয়েছে, যা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের জন্য ফায়ারিং অনুশীলনের ধারায় একটি নতুন সংযোজন।
এ ছাড়া সেনাবাহিনী প্রধান জেসিও ও অন্যান্য পদবির সেনাসদস্যদের পারিবারিক বাসস্থান, গ্যারিসন কেন্দ্রীয় মসজিদসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৯ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সাভার এরিয়া, সেনাসদর ও সাভার এরিয়ার ঊর্ধ্বতন সেনাকর্মকর্তারা, জুনিয়র কমিশন্ড অফিসার, অন্যান্য পদবির সৈনিকরা এবং অসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। আইএসপিআর