পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন জাতির স্বপ্নদ্রষ্টা এবং স্বাধীনতার রূপকার। বঙ্গবন্ধু ও বাংলাদেশ এক অভিন্ন সত্তা। বঙ্গবন্ধুই বাংলাদেশ। তিনি গতকাল বুধবার বিকেলে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা মাহবুব উদ্দিন আহমেদ বীরবিক্রম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরের পরিচালক (এআইজি) মুহাম্মদ তালেবুর রহমান।
অনুষ্ঠানে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ‘দিশারী’ নামক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। ১৫ আগস্ট ধানম-ি ৩২ নম্বরে দায়িত্বরত অবস্থায় শহীদ এএসআই সিদ্দিকুর রহমানের পুত্র মুস্তাফিজুর রহমানকে সম্মাননা স্মারক দেওয়া হয়।
বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকায় কর্মরত পুলিশ ও সিভিল স্টাফদের সন্তানদের মধ্যে কুইজ প্রতিযোগিতা এবং পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের মধ্যে রচনা প্রতিযোগিতার আয়োজন করে। আইজিপি অন্য অতিথিদের সঙ্গে নিয়ে বিভিন্ন গ্রুপে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।