এইচএসসি পরীক্ষা

কেন্দ্রের সামনে ভিড় না করার আহ্বান শিক্ষামন্ত্রীর

এইচএসসি পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকদের পরীক্ষা কেন্দ্রের সামনে ভিড় না করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটে এলাকার তেজগাঁও কলেজ কেন্দ্র পরিদর্শনে গিয়ে উপস্থিত সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, আমরা খেয়াল করেছি প্রতি কেন্দ্রের বাইরে অনেক ভিড়। পরীক্ষার্থীদের বাবা-মা-অভিভাবক ভিড় করেন। অবশ্য আমরা যখন পরীক্ষা দিয়েছি, তখনও আমাদের বাবা-মায়েরাও আসতেন। আমরা কাউকে দোষ দিতে পারি না। বাবা-মা যারা আসেন, তারা যদি একদম গেটের সামনে দাঁড়িয়ে থাকেন, তাহলে অন্য পরীক্ষার্থীদের সমস্যা হয়। আমি আহ্বান করবো— আপনার সন্তানের মতো অনেকের সন্তান পরীক্ষা দিচ্ছে। তাই একটু দূরে থাকুন।

এই সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. সোলেমান খান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী আরও বলেন, আগামী বছর এসএসসি ও সমমানের পরীক্ষা ফেব্রুয়ারিতে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিল মাসে নেওয়ার চেষ্টা থাকবে। এবারও আমরা চেষ্টা করেছিলাম। অনেক কিছুর ওপর নির্ভর করে। এসএসসি চেষ্টা করবো আগের মতো ফেব্রুয়ারিতে নিতে।