ময়মনসিংহে যুদ্ধাপরাধ মামলার আসামি গ্রেপ্তার

ময়মনসিংহের ফুলপুরে মানবতাবিরোধী অপরাধে গ্রেপ্তারি পরোয়ানায় মো. নুরুল ইসলাম ওরফে নূরুকে (৭৬) গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার মো. নুরুল ইসলাম ওরফে নূরু ফুলপুর উপজেলার গায়রা গ্রামের ছেলে।

গত বুধবার (১৬ আগস্ট) দিবাগত মধ্যরাতে জেলার হালুয়াঘাট উপজেলার মাজরাকোড়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ তথ্য নিশ্চিত করে বলেন, ২০২২ সালে মো. নুরুল ইসলাম ওরফে নূরুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, অপহরণ, নির্যাতন, ধর্মান্তরিত, লুণ্ঠনসহ বিভিন্ন অভিযোগে মামলা হয়। ওই মামলায় তার বিরুদ্ধ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এরপর থেকে মো. নুরুল ইসলাম ওরফে নূরু ঢাকা ও বিভিন্ন এলাকায় পলাতক ছিল।

গত তিন দিন পূর্বে মো. নুরুল ইসলাম ওরফে নুরু হালুয়াঘাটের আত্মীয় বাড়িতে বেড়াতে আসেন। সেখান থেকে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে ফুলপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ওসি আরও বলেন, গ্রেফতার মো. নুরুল ইসলাম ওরফে নূরুকে আদালতে পাঠানো হয়েছে।