গাজীপুরের কাপাসিয়ায় গত বুধবার ( ১৬ আগস্ট) দিবাগত ভোররাতে গরুর মালিককে পিটিয়ে আহত করে এবং অস্ত্রের মুখে এলাকাবাসীকে জিম্মি করে চারটি গরু চুরি করে নিয়ে যায় একদল গরুচোর। এ সময় একজন চোরকে চিনে ফেলায় গরুর মালিককে মেরে ফেলার হুমকি দিয়ে যায় তারা।
পরে আহত গরুর মালিক তোফাজ্জল হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে এক জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা পাঁচ জনকে আসামি করে আজ বৃহস্পতিবার দুপুরে কাপাসিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন গরুর অপর মালিক মো. হেলিম।
পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ডোয়াইপাখুরি গ্রামের মো. সাফাজউদ্দিনের দুই ছেলে মো. হেলিম (৩৫) ও তোফাজ্জল হোসেন (৩২) তাদের বসতঘরের আঙিনায় দুটি গোয়ালঘরে উন্নত জাতের ৫টি গরু মোটাতাজা করছিলেন। অন্য রাতের মতই তারা রাত জেগে পাহারা দিয়ে ঘুমিয়ে পড়লে বুধবার ভোররাত চারটার সময় একদল মুখোশধারী চোর সবগুলো গরু গোয়ালঘর থেকে পাশের সড়কে নিয়ে পিকআপ ভ্যানে ওঠাচ্ছিল। এ সময় গরুর শব্দে জেগে উঠে গোয়ালঘরে গরু দেখতে না পেয়ে তোফাজ্জল হোসেন দৌড়ে সড়কে যান। সেখানে চারটি গরু পিকআপ ভ্যানে ওঠানো শেষে একটি ষাঁড় গরুকে উঠাতে হিমশিম খাচ্ছিল গরুচোররা। তোফাজ্জল তখন চিৎকার করে একজন চোরকে জাপটে ধরে গরুটি ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করলে, চোররা তাকে বেধড়ক মারে। এ সময় ধস্তাধস্তির এক পর্যায়ে মুখোশ খুলে গেলে পার্শ্ববতী রূপভূইয়ারটেকের মো. জালালউদ্দিন কাজি জালু (৪০) কে সে চিনে ফেলে। পরে আশপাশের লোকজন চলে আসলে জালালউদ্দির তার হাতে থাকা পিস্তল উঠিয়ে কেউ এগিয়ে আসলে গুলি করার হুমকি দিয়ে দ্রুত চারটি গরুসহ সদলবলে পিকআপ নিয়ে পালিয়ে যায়।
তারা আরও জানান, গরুচোররা তাদের প্রায় ৬ লাখ ৫০ হাজার টাকার গরু নিয়ে যাওয়ায় দিন মজুর দুটি ভাই নিরুপায় হয়ে পড়েছেন। গরু মোটা তাজা করণের জন্য ব্যাংক থেকে নেওয়া ঋণ পরিশোধেরও কোনো উপায় নেই তাদের। স্থানীয়রা অভিযোগ করেন, গত প্রায় মাস খানেক আগে জালালউদ্দিনকে দিনের বেলা চুরি করা একটি ষাঁড় গরুসহ স্থানীয় দেইলগাঁও গ্রামে বেধড়ক পিটুনি দিয়েছিল উত্তেজিত জনতা।
কাপাসিয়া থানার ওসি এ এইচ এম লুৎফুল কবীর জানান, এ বিষয়ে স্থানীয় একজন চোরের নামসহ অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করে একটি লিখিত অভিযোগ পেয়েছেন তিনি। এরইমধ্যে তাদের ধরতে অভিযান শুরু করেছে থানা পুলিশ।
প্রসঙ্গত, এ নিয়ে গত তিন রাতে উপজেলার বেগুনহাটি গ্রাম থেকে ২টি, ফুলবাড়িয়া গ্রাম থেকে ২টি, দেইলগাঁও গ্রাম থেকে ১টি, মাশক গ্রাম থেকে ৩টি ও বাঘিয়া গ্রাম থেকে ৩টিসহ মোট ১৫ টি গরু চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ গরুচোর চক্র।