ভারী বৃষ্টির কারণে সৃষ্ট ঢল ও ভূমিধসে ভারতের হিমাচল প্রদেশে চার দিনে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৪ জনে।
শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার উদ্ধারকর্মীরা ভূমিধসে বিধ্বস্ত শিমলার শিব মন্দিরের ধ্বংসাবশেষ থেকে আরও একটি মৃতদেহ উদ্ধার করে এবং একই দিন চাম্বায় আরও দুইজন নিহত হয়েছেন।
এ ছাড়া সামার হিলের শিব মন্দিরের ঘটনাসহ শিমলায় বড় ধরনের তিনটি ভূমিধসে ২১ জনের মৃত্যু হয়েছে। সামার হিলে বন্যায় রেললাইনের একটি অংশ ভেসে গেছে, এতে করে রেললাইনটি শূন্যে ঝুলে আছে।
এনডিটিভি জানায়, চলতি বর্ষা মৌসুম শুরুর পর থেকে গত ৫৫ দিনে হিমাচল রাজ্যে ১১৩টি ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে করে রাজ্যটির গণপূর্ত বিভাগের বিভিন্ন অবকাঠামোর ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ২৪৯১ কোটি রুপি এবং ভারতের জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের ক্ষতি দাঁড়িয়েছে ১০০০ কোটি রুপি।
সাম্প্রতিক ভূমিধসের ফলে ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ পাহাড়সম চ্যালেঞ্জ বলে জানান হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু।
এদিকে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) শিমলা, সোলান, মান্ডি, চাম্বাসহ পার্শ্ববর্তী এলাকায় বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাতের সঙ্গে কয়েকটি স্থানে বজ্রসহ মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। রোববার থেকে শুরু করে টানা তিন দিন ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে রাজ্যে। মঙ্গলবারের পর বৃষ্টি কমেছে এবং বৃহস্পতিবার কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ২৪ জুন বর্ষা শুরু হওয়ার পর থেকে হিমাচল প্রদেশে বৃষ্টি-সম্পর্কিত ঘটনায় অন্তত ২১৭ জনের মৃত্যু হয়েছে।