বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে জানতে হবে। তার আদর্শকে সামনে রেখে দেশের উন্নয়নে কাজ করতে হবে।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে ছিলেন, কেমন ছিলেন, বঙ্গবন্ধুর কারণে কীভাবে আমরা স্বাধীন দেশ পেলাম, বাংলাদেশকে তিনি কোথায় নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে কীভাবে কাজ করছেন তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে জানতে হবে। যাতে নতুন প্রজন্ম সত্য তথ্য জেনে অন্য যত অপশক্তি ও অপপ্রচার আছে, আমাদের ভাষা ও সংস্কৃতির ওপরে যত আঘাত তা প্রতিহত করতে পারে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, আবৃত্তি ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির পরিচালক ও বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন নিপু, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল প্রমুখ।