কালিহাতীতে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

টাঙ্গাইলের কালিহাতীতে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৮ আগস্ট) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত প্রধান আসামি উপজেলার মহেলা গ্রামের সেকান্দর আলীর ছেলে মোহাম্মদ আলী (২৫)।

কালিহাতী থানার এসআই সাজ্জাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই রাকিবুল ইসলামকে সঙ্গে নিয়ে অভিযান চালিয়ে গণধর্ষণ মামলার প্রধান আসামি মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করি।

উল্লেখ্য, টাঙ্গাইল সদর উপজেলার তরুণীর সঙ্গে কালিহাতী উপজেলা মহেলা গ্রামের মোহাম্মদ আলীর সঙ্গে মোবাইলে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সূত্র ধরে গত সোমবার দুপুরে ভুক্তভোগী তরুণীকে বিয়ের কথা বলে নিয়ে আসে। পরে ভুক্তভোগীকে উপজেলা পৌলী এলাকায় একটি পরিত্যক্ত ঘরে ধর্ষণ করে প্রেমিক। ধর্ষণের পর বন্ধু সোহেলের কাছে ভুক্তভোগীকে তুলে দেয়। বন্ধু সোহেলও ফের ধর্ষণ করে। ওই সময় ভুক্তভোগীর অস্বাভাবিক আচরণ দেখে স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে সংবাদ দেয়। পরে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।