জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর যুদ্ধাপরাধের বিষয়টিকে হালকা করে দেখানোর জন্য এশিয়ান হিউম্যান রাইটস কমিশনের (এএইচআরসি) একজন প্রতিনিধির সমালোচনা করেছেন মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদরা।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত যুদ্ধাপরাধের সবচেয়ে জঘন্যতম মামলার অপরাধীদের রক্ষা করতে এটি উৎসাহিত করে বলেও মন্তব্য করেছেন তারা।
তারা বলেন, দণ্ডিত যুদ্ধাপরাধী সাঈদীকে 'রাজনৈতিক প্রতিহিংসার শিকার' হিসেবে চিত্রিত করেছে এইচআরসি।
১৯৭১ সালে তিনি যেসব মানবতা বিরোধী অপরাধ করেছেন সে সম্পর্কে বিশ্বকে বিভ্রান্ত করার মরিয়া প্রচেষ্টা এটি। একই সঙ্গে তার মৃত্যুর পর জামায়াত-শিবিরের লোকেরা যে সহিংসতা চালিয়েছে সে বিষয়কেও হালকা করা হয়েছে।
তারা আরও বলেন, ২০০৪ সালে মার্কিন সন্ত্রাসী স্ক্রিনিং সেন্টার সাঈদীকে তাদের ‘নো ফ্লাই’ তালিকায় যুক্ত করেছিল। সন্দেহভাজন উগ্রপন্থী ও সন্ত্রাসীদের সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হলে সেই তালিকায় নাম দেওয়া হয়।
মার্কিন ভিত্তিক লেমকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশনের ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশিদের হত্যাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ করে তারা বলেন, এএইচআর-এর বিবৃতিটি এই সমর্থনকে অস্বীকার করে।
এএইচআরসি অ্যান্ড এশিয়ান লিগ্যাল রিসোর্স সেন্টারের পক্ষ থেকে লিয়াজোঁ অফিসার মোহাম্মদ আশরাফুজ্জামান বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে টম ল্যানটোস হিউম্যান রাইটস কমিশন আয়োজিত সাম্প্রতিক এক ব্রিফিংয়ে অংশ নিয়ে এমন 'উদ্দেশ্য প্রণোদিত' মন্তব্য করেছেন। তার এক বক্তব্যে ক্ষুব্ধ হয়ে মুক্তিযুদ্ধের পক্ষের লোকজন বলেন, পাকিস্তানি সেনাবাহিনী ও সাঈদীর মতো তাদের দোসরদের হাতে যারা তাদের প্রিয়জনকে হারিয়েছেন তাদের মানসিক যন্ত্রণাকে উপহাস করেছেন তিনি।
টম ল্যান্টোস মানবাধিকার কমিশনের ওয়েবসাইটে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে আশরাফুজ্জামান বলেন, ‘সাঈদী একজন ইসলামিক স্কলার…। শেখ হাসিনা সরকারের শাসনামলে আপনি যদি বিরোধী দল বা ভিন্ন মতাবলম্বীদের সঙ্গে থাকেন তাহলে, আপনার জানাজা বা সামাজিক স্বীকৃতির অধিকার পাবেন না। এটি কোনো নতুন ঘটনা নয়।’
মুক্তিযোদ্ধা অজয় দাশগুপ্ত বলেন, 'আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগ, সাঈদীকে যুদ্ধাপরাধী হিসেবে দেখানোর জন্য পাঁচ সাংবাদিকের ওপর হামলা, ব্যস্ততম হাসপাতালের সামনে জামায়াত শিবিরের লোকজন রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টিসহ দিনব্যাপী সহিংসতার ঘটনায় নীরব থাকায় তাকে জামায়াতের মুখপাত্র বলে মনে হয়েছে।’
তিনি ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্টসের (আইএফজে) আহ্বানের কথা উল্লেখ করে বলেন, 'এই সাংবাদিকদের উপর নৃশংস হামলার ঘটনার দ্রুত তদন্তের দাবি জানানো হয়েছে।’
তারপরও, সাঈদীকে তার পৈতৃক বাড়িতে দাফন করা হয়েছিল এবং তার জানাজায় তার অনুসারীরা অংশ নিয়েছিল। অথচ আশরাফ তার দাফনের অধিকার কেড়ে নেওয়া হয়েছে বলে সরকারকে দোষারোপ করেছেন।
অধ্যাপক মেজবাহ কামাল বলেন, এই বিবৃতি পাকবাহিনী ও সাঈদীর দল লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে এবং তাদের ধর্ষণ ও নির্যাতনসহ ভয়াবহ যুদ্ধাপরাধ সম্পর্কে সম্পূর্ণ ধারণার অভাব প্রকাশ করে।
তিনি আরও বলেন, যুদ্ধাপরাধীদের 'ভুক্তভোগী' হিসেবে চিত্রিত করে এ ধরনের আখ্যান আগে পশ্চিমা দেশগুলোতে জামায়াতের ভাড়া করা লবিস্টরা প্রচার করেছিল।
নুরেমবার্গ ও টোকিওর বিচারের সময় যুদ্ধাপরাধের বিচারে পশ্চিমা শক্তিগুলো যে মানদণ্ড নির্ধারণ করেছে তার উল্লেখ করে তারা বলেন, 'বাংলাদেশে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে নতুন মানদণ্ড নির্ধারণ করেছে।’
মুক্তিযোদ্ধা ও শিক্ষাবিদরা বলেন, পাঁচ দশক ধরে সাঈদীর মতো যুদ্ধাপরাধীদের হাতে স্বজন হারানো লাখ লাখ মানুষের পরিবার ন্যায় বিচার পায়নি। কারণ বিএনপি-জামায়াতের আমলে পরিকল্পিতভাবে এদের দায়মুক্তি দেওয়া হয়েছিল।
বিচার শুরু হওয়ার পর থেকে জামায়াত লাখ লাখ টাকা বিনিয়োগ করেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানসহ বেশ কয়েকজন লবিস্ট নিয়োগ করে। তারা এই যুদ্ধাপরাধীদের বিচার এড়াতে এবং কয়েক দশক ধরে এই অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি অব্যাহত রাখতে ভুল তথ্য প্রচারণা চালিয়েছিল বলে জানা গেছে।