রাজার মতো প্রত্যাবর্তন বুমরাহর

পিঠের চোট কাটিয়ে দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরলেন জাসপ্রিত বুমরাহ। ভারতীয় এই বোলারের প্রত্যাবর্তন হয়েছে রাজার মতো। সিনিয়রদের বিশ্রাম দিয়ে আয়ারল্যান্ডের বিপক্ষে তার হাতে তুলে দেওয়া হয় নেতৃত্বভার। অধিনায়ক বুমরাহ প্রথম ওভারে দুই উইকেট নিয়েই করেছেন রেকর্ডগড়া বাজিমাত।

সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত বুমরাহ। তার সিদ্ধান্ত যে ভুল ছিল না সেটা তিনি নিজের প্রথম ওভারেই প্রমাণ করলেন। এদিন ইনিংস সূচনার ওভারে বল করতে এসে প্রথমেই চার হজম করেন তিনি। বুমরাহর প্রথম বলেই চার মারেন আয়ারল্যান্ডের তারকা ব্যাটার অ্যান্ডি বালবির্নি।

তবে পরের বলেই বালবির্নিকে বোল্ড করে সেটা বুঝিয়ে দেন বুমরাহ। অফ সাইডে শট খেলতে গিয়ে ভুল করে বসেন এই আইরিশ ব্যাটার। তার ব্যাটে লেগে বলটি উইকেটে লাগে এবং বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অ্যান্ডি বলবির্নি।

এরপরে ব্যাট করতে নামেন লরকান টাকার। বুমরাহের এই ওভারে তৃতীয় ও চতুর্থ বলটি সেভাবে বুঝতেই পারেননি টাকার। ওভারের পঞ্চম বলটি খেলতে গেলে টাকার অনকটা সূর্যকুমার যাদবের স্টাইলে বাউন্ডারি হাঁকাতে চান। কিন্তু তিনি সম্পূর্ণ ব্যর্থ হন। উইকেটরক্ষক সঞ্জু স্যামসনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান লরকান টাকার।

প্রত্যাবর্তনের ম্যাচের প্রথম ওভারে মাত্র চার রানে দুই উইকেট শিকার করে সকলের কণ্ঠেই বুমরাহ জায়গা করে নেন। ধারাভাষ্যকাররা বলে ওঠেন ‘বুমরাহ ইস ব্যাক’। তাছাড়া কোনো আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচে এটাই বুমরাহের প্রথম ওভারে দুই উইকেট শিকার। যা তার ব্যাক্তিগত রেকর্ড।