প্রথম সিনেমা ‘মৃধা বনাম মৃধা’ দিয়েই দর্শকের আস্থা অর্জন করেন নির্মাতা রনি ভৌমিক। এ সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এনে দেয় নায়ক সিয়াম আহমেদকে। প্রথম সিনেমার দেড় বছর পর নতুন খবর দিলেন নির্মাতা। জানালেন, ‘ফ্ল্যাশ ইট’ শিরোনামে সিনেমা নির্মাণ করছেন তিনি। এটি প্রযোজনা করছে আমেরিকান প্রযোজনা সংস্থা রক পেপার সিজারস মুভিজ। ছবিটিতে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, কলম্বিয়ান অভিনেত্রী জিমেনা এরিকা, গ্যাব্রিয়েলা মরেনো, প্রীতম চৌধুরী। গত মে মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ছবিটির শুটিং শুরু হয়। ইতিমধ্যে দেশটির নিউ জার্সি, কানেকটিকাট এবং পেনসিলভেনিয়ার বিভিন্ন লোকেশনে সিনেমাটির শুটিং ৯৫ ভাগ শেষ হয়েছে বলে জানান নির্মাতা।
যুক্তরাষ্ট্র থেকে মোবাইল ফোনে দেশ রূপান্তরকে রনি ভৌমিক বলেন, ‘আমি গত ডিসেম্বরে বেশ কয়েকটি প্রজেক্টের কাজে যুক্তরাষ্ট্রে আসি। এর মধ্যে এক আমেরিকান প্রযোজনা সংস্থা আমার সঙ্গে যোগাযোগ করে। এরপর তাদের সঙ্গে সবকিছু মিলে যাওয়ার পর গত মে মাস থেকে সিনেমাটির কাজ শুরু করি। শুটিং একদম শেষই বলা চলে, পাঁচ ভাগের মতো কাজ বাকি আছে। কিছুদিনের মধ্যেই এটা শেষ হয়ে যাবে।’ রনি আরও বলেন, ‘আমার সিনেমাতে গল্পই হচ্ছে নায়ক। যেটা আমার ‘মৃধা বনাম মৃধা’ সিনেমাতেও দেখেছেন দর্শক। এই ছবিতেও এমন একটা গল্প দেখানোর চেষ্টা করেছি, যেটা কেউ এর আগে দেখায়নি।’
াংলাদেশ থেকে আসা একজন সাধারণ মানুষের চোখে স্বপ্নের রাজ্য আমেরিকাকে এক্সপ্লোর করার গল্পে নির্মিত হচ্ছে সিনেমাটি। এতে উঠে আসবে তার উত্থান-পতন, প্রাপ্তি-অপ্রাপ্তি ও ঘুরে দাঁড়ানোর চেষ্টা।
সিনেমাটির সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে যুক্ত রয়েছে বাংলাদেশের টোস্টার প্রোডাকশন। নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন নোভা ফিরোজ। ছবির গল্প লিখেছেন অপূর্ব পাল অর্ক, সংলাপ লিখেছেন স্নেহাশিস চক্রবর্তী ও নোভা ফিরোজ এবং চিত্রনাট্য করেছেন রনি ভৌমিক, অপূর্ব পাল ও স্নেহাশিস। সিনেমাটিতে সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। সিনেমাটি একযোগে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কলম্বিয়াসহ বেশ কয়েকটি দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান নির্মাতা।