বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শামছুজ্জামান সেলিম আর নেই। গত বৃহস্পতিবার রাতে বাসায় আকস্মিক অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন দলের নেতারা। তার বয়স হয়েছিল ৭৩ বছর।
গতকাল শুক্রবার বাদ জুমা মোহাম্মদপুর মসজিদে প্রয়াতের প্রথম জানাজা হয়। এরপর বিকেলে মরদেহ রাজধানীর পুরানা পল্টনে সিপিবির কেন্দ্রীয় অফিস মুক্তিভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে সিপিবির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির নেতারা গার্ড অব অনার প্রদান করেন। পরে সিপিবির কেন্দ্রীয় কমিটিসহ বিভিন্ন জেলা-থানা ও শাখা কমিটি, বিভিন্ন দল, গণসংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, ‘তরুণ বয়সে শ্রমিকদের সংগঠিত করা শামছুজ্জামান সেলিম পরবর্তীকালে মুক্তিযুদ্ধে এবং বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জনগোষ্ঠী শ্রমিক ও ক্ষেতমজুর আন্দোলন এবং বিপ্লবী পার্টি গড়ে তোলায় আত্মনিয়োগ করেন। জাতি তার অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, ‘জাতি কমরেড শামছুজ্জামান সেলিমের মৃত্যুতে একজন শ্রেষ্ঠ সন্তানকে হারাল। যিনি ব্যক্তি-গোষ্ঠী স্বার্থ উপেক্ষা করে মানবমুক্তির স্বপ্ন দেখেছেন এবং তা বাস্তবায়নের জন্য জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করে গেছেন।