আগুনের ওপর হাঁটছেন নাঈম শেখ

জাতীয় দলে বারবার নিজেকে প্রমাণে ব্যর্থ হওয়া মোহাম্মদ নাঈম শেখ শরণাপন্ন হলেন মাইন্ড ট্রেনারের। লক্ষ্যে অবিচল থেকে সাফল্যের শিখরে পৌঁছাতে নিজের মনকে কঠোরভাবে তৈরি করছেন তিনি। তারই অংশ হিসেবে আগুনের ওপর দিয়েও হাঁটছেন ২৩ বছর বয়সী বাঁহাতি ব্যাটার।

নিজের ফেসবুক পেজে শুক্রবার একটি ভিডিও পোস্ট করেন নাঈম। সেখানেই তাকে আগুনের ওপর হাঁটতে দেখা যায়।

নাঈম সরণ নিয়েছেন মাইন্ড ট্রেনার সাবিত রায়হানের। জাতীয় দলের তারকা পেসার তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, ফুটবলার আনিসুর রহমান জিকোরাও একসময় যার কাছে মাইন্ড ট্রেনিং নিয়েছেন।

নাঈম যে ভিডিও পোস্ট করেছেন তার ক্যাপশনে তাসকিন, সোহানের কথা উল্লেখ করেছেন। লিখেছেন, ‘তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহানের থেকে অনুপ্রাণিত। সাবিত ইন্টারন্যাশনালকে ধন্যবাদ।’

ভিডিওতে দেখা যায় ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে মাইন্ড ট্রেনার সাবিত রায়হানের সঙ্গে দাঁড়িয়ে আছেন নাঈম। সামনে আগুনের পাটি বিছানো। সাবিত দিক নির্দেশনা দিচ্ছিলেন নাঈমকে। সে অনুযায়ী আগুনের ওপর হেঁটে চলে যান নাঈম।

ঘরোয়া ক্রিকেটে বেশ ভালো পারফর্ম করলেও জাতীয় দলে নিজেকে প্রমাণ করতে পারছেন না নাঈম। প্রিমিয়ার লিগের পারফরম্যান্সের সুবাদে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে সুযোগ পান। কিন্তু দুই ওয়ানডেতে সুযোগ পেয়ে কোনোটিতেই তার ব্যাট হাসেনি।

এর আগে তাসকিন ও সোহান মাইন্ড ট্রেনারের শরণাপন্ন হয়ে নিজেদের খুঁজে পেয়েছেন।