পশ্চিমবঙ্গ

১ সেপ্টেম্বর থেকে বাড়ছে পাউরুটির দাম

ভারতের পশ্চিমবঙ্গে আগামী ১ সেপ্টেম্বর থেকে বাড়তে চলেছে পাউরুটির দাম। বেকারি সংগঠন সূত্র জানিয়েছে, প্রতি পাউন্ডে পাউরুটির দাম বাড়বে দুই রুপি করে। ফলে ২০০ গ্রাম ওজনের পাউরুটির দাম হবে ১৫ রুপি, যা আগে ১৪ রুপি ছিল। ৪০০ গ্রাম পাউরুটির দাম ২৮ রুপি থেকে বেড়ে হবে ৩০ রুপি।

আনন্দবাজার অনলাইন জানিয়েছে, আগামী সোমবার (২১ আগস্ট) ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যসোসিয়েশনের সম্মেলন। ওই দিনেই অনুষ্ঠানিকভাবে পাউরুটির দাম বাড়ানোর কথা বলা হবে।

সংগঠনটির দাবি, যেভাবে পাউরুটি তৈরির কাঁচামাল গম, চিনি ইত্যাদির দাম বাড়ছে, তাতে পণ্যটির দাম বাড়ানো জরুরি হয়ে পড়েছে। এছাড়া বেকারি শিল্পের শ্রমিকদের মজুরিও বেড়েছে। তাই বাধ্য হয়েই এই দাম বাড়ানোর সিদ্ধান্ত।

বরাবরই পশ্চিমবঙ্গবাসীর খাদ্যতালিকায় বেকারি পণ্য হিসেবে পাউরুটির গুরুত্ব বিশেষ। সকালের নাশতায় তাদের খাদ্যতালিকার উপরের দিকেই থাকে পাউরুটি। ফলে আশঙ্কা করা হচ্ছে, এবার সকালের নাশতা খরচ জোগাতে হিমশিত খেতে হবে অনেককেই।