সুইডেনের রাজধানী স্টকহোমে পবিত্র কোরআন অবমাননাকারী সালওয়ান মোমিকাকে লক্ষ্য করে অগ্নিনির্বাপক যন্ত্র স্প্রে করায় এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে জনশৃঙ্খলা বিঘ্নিত করা ও এক পুলিশ কর্মকর্তাকে আহত করার অভিযোগে আনা হয়েছে।
আল-জাজিরা জানিয়েছে, সুইডেনে গত দুই মাস ধরে প্রায়ই কোরআন অবমাননার ঘটনা ঘটছে। ইরাকি শরণার্থী মোমিকা একাধিকবার পুলিশের অনুমতি নিয়ে কোরআন অবমাননা করেছেন। গতকাল শুক্রবারও (১৮ আগস্ট) কোরআন অবমাননা করতে যান তিনি।
একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের অনুমতি নিয়ে স্টকহোমের ইরানি দূতাবাসের সামনে কোরআনের পাতায় আগুন ধরাচ্ছিলেন মোমিকা। ওই সময় তাকে লক্ষ্য করে অগ্নিনির্বাপক যন্ত্র স্প্রে করেন এক নারী। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতবিহ্বল হয়ে পড়েন মোমিকা। কিন্তু পরে তিনি পুনরায় বিক্ষোভ শুরু করেন।
গ্রেপ্তার হওয়া নারীর পরিচয় প্রকাশ না করে পুলিশের মুখপাত্র জানান, জনশৃঙ্খলা বিঘ্নিত করা এবং এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সহিংসতার অভিযোগে ওই নারীকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, মোমিকার একের পর এক কোরআন অবমাননার ঘটনা অনেক মুসলিম দেশে ক্ষোভের জন্ম দিয়েছে। সুইডিশ পুলিশ বাকস্বাধীনতার কথা উল্লেখ করে তাকে বিক্ষোভের অনুমতি দিচ্ছে। যদিও মোমিকা বলেছেন, তার বিক্ষোভ ইসলাম ধর্মকে লক্ষ্য করে, মুসলমানদের নয়।
সুইডেন ১৯৭০-এর দশকে ব্লাসফেমি আইন বাতিল করে। সরকার বলছে, এই আইন পুনরায় চালু করার কোনও ইচ্ছা তাদের নেই। তবে সম্প্রতি সুইডিশ সরকার জাতীয় নিরাপত্তা উদ্বেগের কারণে পুলিশকে বিক্ষোভের অনুমতি না দিতে সক্ষম করার আইনি সম্ভাবনা নিয়ে তদন্তের ঘোষণা দিয়েছে।
আরও পড়ুন: চলতি পথে উল্টে গেল গাড়ি, পর্যটকের মর্মান্তিক মৃত্যু