প্রকৃত সাংবাদিকদের সনদ দেবে প্রেস কাউন্সিল : চেয়ারম্যান

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, ‘সারা দেশে ৫০ হাজার সাংবাদিক আছেন। এই সাংবাদিকদের ডেটাবেজ তৈরির কাজ চলমান। মফস্বল সাংবাদিকদের ডেটাবেজ তৈরির জন্য আমরা জেলা প্রশাসকদের চিঠি দিয়েছি। ডেটাবেজ তৈরির ক্ষেত্রে সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতাসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাই করা হবে। যাচাই-বাছাই শেষে বার কাউন্সিলরের মতো আমরা প্রকৃত সাংবাদিকদের সনদ দেব।’

গতকাল শনিবার পঞ্চগড় সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এ সেমিনারের আয়োজন করে।

বিচারপতি মো. নিজামুল হক নাসিম আরও বলেন, সনদধারীরাই শুধু নিজেদের সাংবাদিক পরিচয় দিতে পারবেন। এ ক্ষেত্রে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক ডিগ্রি পাস। তবে বিশেষ ক্ষেত্রে পাঁচ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতাসম্পন্নদের শিক্ষাগত যোগ্যতার এই শর্ত কিছুটা শিথিল থাকবে। আগে সাংবাদিকদের নামে প্রেস কাউন্সিলে মামলা দেওয়া হলে সেখানে রায়ে শুধু তিরস্কারের বিধান ছিল। এখন সেটি সংশোধিত হয়ে পাঁচ লাখ টাকার জরিমানার বিধান সংযুক্ত করা হয়েছে। সুয়োমোটো করার বিধান রাখা হয়েছে। তিনি বলেন, বঙ্গবন্ধু ১৯৭৪ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন প্রণয়ন করেন। এ আইনটি নতুন করে চূড়ান্ত করা হয়েছে। সংসদে পাস হওয়ার অপেক্ষায় আছে। কমিটির সদস্য সাংবাদিকরা যারা সুপারিশ করেছিলেন এখন তাদের মধ্যে কেউ কেউ এই আইনের বিরোধিতা করছেন।

সেমিনারে মূল আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। সেমিনারে স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কর্মকর্তা মো. হায়দার আলী। অতিরিক্ত জেলা প্রশাসক মো. রিয়াজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এস এম শফিকুল ইসলাম।