লিওনেল মেসি ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে আসেন লিগস কাপ ফাইনালের আগে। সেখানেও জানান, যুক্তরাষ্ট্রে সময়টা উপভোগ করতে চান এবং মায়ামির জয়ে সহায়তা করতে চান।
মেসি দারুণ পারফরম্যান্সে লিগস কাপের ফাইনালে ওঠে মায়ামি। আজ ফাইনালে ন্যাশভিলেকে টাইব্রেকারে (১০-৯) হারিয়ে জিতেছে প্রথম শিরোপাও। নির্ধারিত সময়ে ম্যাচ ১-১ সমতায় শেষ হয়। মেসিই করেন মায়ামির গোলটি।
মায়ামিকে শিরোপা জিতিয়ে একটি রেকর্ড এককভাবে নিজের করে নিলেন মেসি।
এটি মেসির ক্যারিয়ারের ৪৪তম শিরোপা। ফুটবলার হিসেবে সবচেয়ে বেশি শিরোপা জয়ের রেকর্ড এখন এককভাবে মেসির দখলে। তিনি পেছনে ফেলেছেন ব্রাজিলের দানি আলভেসকে (৪৩ শিরোপা)।
মেসি বার্সেলোনার হয়ে জিতেছেন ৩৫টি শিরোপা, পিএসজিতে জিতেছেন তিনটি। আর্জেন্টিনার হয়ে পাঁচটি। একটি শিরোপা জিতলেন মায়ামির হয়ে।
আর্জেন্টিনার হয়ে একটি করে বিশ্বকাপ, কোপা আমেরিকা ছাড়াও জিতেছেন ফিনালিসিমা, অলিম্পিক গোল্ড এবং অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ।