মেজর লিগ সকারে পয়েন্ট টেবিলে সবার শেষে ইন্টার মায়ামি। সেই দলকে লিওনেল মেসি ফাইনালে নিয়ে যাবেন, ইতিহাস গড়ে জিতবেন লিগস কাপ শিরোপা। এমনটি কি আগে ভেবেছিলেন সমর্থকরা। লিগস কাপে প্রতি ম্যাচেই গোল করা মেসি সেটিই সম্ভব করেছেন।
শিরোপা জয়ের উদযাপন শেষে মেসি জানিয়েছেন নিজের প্রতিক্রিয়া। ইনস্টাগ্রামে পোস্ট দিয়ে লিখেছেন, ‘চ্যাম্পিয়নস!!! ক্লাবের ইতিহাসে প্রথম শিরোপা জিতে খুব খুশি। সবার কঠিন পরিশ্রম আর নিবেদনের কারণেই এটা সম্ভব হয়েছে। আশা করছি, মাত্র তো শুরু...চলো এগিয়ে যাই।’
ন্যাশভিলেকে হারিয়ে শিরোপা জয়ের সঙ্গে টুর্নামেন্টসেরা খেলোয়াড় এবং সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও জিতেছেন মেসি।
মায়ামির জার্সিতে ৭ ম্যাচে মেসির গোল ১০টি, একটি অ্যাসিস্ট। দল টাইব্রেকে শিরোপা জিতলেও ফাইনালে দলের একমাত্র গোলটি করেছেন।