শাস্তি পেয়েও অনুতপ্ত নন ভারত অধিনায়ক

আম্পায়ারের সিদ্ধান্তে নাখোশ হয়ে রাগে ভেঙেছিলেন স্টাম্প। ম্যাচ শেষে আম্পায়ারিং নিয়েও করেছিলেন সমালোচনা। পরে আইসিসি থেকে পেয়েছেন শাস্তি হয়েছেন দুই ম্যাচ নিষিদ্ধ। তবুও বাংলাদেশ নারী ক্রিকেটারদের সঙ্গে অশোভন আচরণের জন্য অনুতপ্ত নন ভারত অধিনায়ক হারমানপ্রিত কৌর।

উইমেন্স ‘দ্য হান্ড্রেড’ আসরে ট্রেন্স রকেটস এর হয়ে বর্তমানে ব্যস্ত আছেন ভারত নারী দলের অধিনায়ক। সেখানেই সাইডলাইনে দাঁড়িয়ে বাংলাদেশের ঘটনা প্রসঙ্গে মন্তব্য করেন তিনি।

মিরপুরের সেই ঘটনা নিয়ে কেন অনুতাপ নেই, সেটা জানিয়ে হারমানপ্রিত, ‘আমি একথা বলব না, আমার কোনো কিছু নিয়ে অনুতাপ আছে। কারণ দিনশেষে খেলোয়াড় হিসেবে আপনি চাইবেন নিরপেক্ষতা দেখতে। একজন খেলোয়াড় হিসেবে আপনার নিজেকে প্রকাশ করার এবং কি অনুভব করছেন তা প্রকাশের অধিকার আপনার আছে।’

ভারতীয় অধিনায়ককে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করেছিল আইসিসি। একইসঙ্গে তার নামের পাশে যুক্ত হয় তিনটি ডিমেরিট পয়েন্ট।

আইসিসির নিয়ম অনুযায়ী, ২৪ মাসের মধ্যে কোন খেলোয়াড় চার বা এর বেশি ডিমেরিট পয়েন্ট পেলে তাকে এক টেস্ট, দুই ওয়ানডে কিংবা দুই টি-টোয়েন্টির জন্য নিষেধাজ্ঞা দেয়া হয়। সেই হিসেবে গুয়াংজুতে আসন্ন এশিয়ান গেমসে ভারতের প্রথম দুই ম্যাচে মাঠে নামা হবেনা হারমানপ্রীতের।